6/recent/ticker-posts

কিশোরগঞ্জে বরের গাড়ি থামিয়ে কনেকে তুলে নেওয়ার অভিযোগ

 

কিশোরগঞ্জে বরের গাড়ি থামিয়ে কনেকে তুলে নেওয়ার অভিযোগ
কিশোরগঞ্জে বরের গাড়ি থামিয়ে কনেকে তুলে নেওয়ার অভিযোগ


কিশোরগঞ্জ প্রতিনিধি: 

কিশোরগঞ্জের হোসেনপুরে নববিবাহিত কনেকে বরের গাড়ি থেকে জোর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় মাইক্রোবাসে ভাঙচুর চালানো হয়েছে বলেও অভিযোগ করেছেন বরপক্ষের স্বজনরা।


রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হোসেনপুর উপজেলার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে তামান্না আক্তারের সঙ্গে একই দিন নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন বর ও বরযাত্রীরা।


পথে হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জন যুবক মাইক্রোবাসটির গতিরোধ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় তারা গাড়িতে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্না আক্তারকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে দাবি করেছেন বরের স্বজনরা।


ঘটনার সময় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।


হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, কনের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, মিয়াদ নামের এক যুবক দীর্ঘদিন ধরে তামান্না আক্তারকে উত্ত্যক্ত করতেন বলে অভিযোগ রয়েছে।


ওসি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী বরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



Post a Comment

0 Comments